নিজস্ব প্রতিবেদন: সুনামগঞ্জ
জেলায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ
পরবর্তী মেধা মূল্যায়ন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জুলাই ২০২৬ (বুধবার) জেলা
প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী হিসাব
সহকারী কাম-কম্পিউটার অপারেটর মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে, গত ১১ থেকে ১৬ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলার ১২ টি উপজেলার ৮৮ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে নিয়ে তিনটি পৃথক ব্যাচে এই গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ আয়োজিত হয়। প্রশিক্ষণ চলাকালে স্থানীয় সরকার, সুনামগঞ্জ-এর উপ-পরিচালক জনাব অসীম চন্দ্র বনিক প্রশিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যাচাইয়ে বিশেষ প্রশ্নপত্রের মাধ্যমে ২ ঘণ্টার একটি লিখিত পরীক্ষা গ্রহণ করেন। সেই সময় তিনি প্রতি ব্যাচ থেকে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য বিশেষ পুরষ্কার ঘোষণা করেছিলেন।
সেই মূল্যায়নের ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ
মিনহাজুর রহমান এবং উপ-পরিচালক, স্থানীয় সরকার, অসীম চন্দ্র বনিক যৌথভাবে মোট ৯ জন সেরা
পারফর্মার হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরের হাতে সনদপত্র এবং গ্রাম আদালতের
লোগো সম্বলিত সুদৃশ্য সম্মাননা স্মারক (মগ) তুলে দেন।
পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান
বলেন,"গ্রাম আদালত ব্যবস্থা প্রান্তিক মানুষের দোরগোড়ায় দ্রুত ও
স্বল্প খরচে বিচার সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণ এবং
মেধা মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে সঠিক বিচারিক পরিবেশ তৈরিতে
হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের আরও দক্ষ ও পেশাদার করবে।"
উপ-পরিচালক, স্থানীয় সরকার অসীম চন্দ্র বনিক তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের
সততা, নিষ্ঠা ও নতুন উদ্যমে গ্রাম আদালতের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার
আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সনদপত্র ও সম্মাননা স্মারক পেয়ে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরে জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ ও স্বীকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


0 Comments