স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জ: সুনামগঞ্জে জেলা পর্যায়ে
গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক অর্ধ-বার্ষিক
সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) জেলা প্রশাসন ও স্থানীয় সরকার
বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের যৌথ আয়োজনে শহরের
সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই সভা সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ
মিনহাজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, সুনামগঞ্জের-এর
উপপরিচালক জনাব অসীম চন্দ্র বনিক।
"গ্রাম আদালত সাধারণ
মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে অত্যন্ত
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।" — মো: মিনহাজুর
রহমান, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
সভায় জেলার বিভিন্ন
উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মামলা নিষ্পত্তির হার,
জনসচেতনতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার
লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা গ্রাম আদালত
ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি অন্যতম ও কার্যকর মাধ্যম হিসেবে
আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতা ও
দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়ন করার আহ্বান
জানান।
উক্ত সমন্বয় সভায় জেলার
বিভিন্ন উপজেলার গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমন্বয়কারীগণ এবং বিভিন্ন
ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ
অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সভাটি জেলা প্রশাসন, সুনামগঞ্জ-এর ব্যবস্থাপনায় এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
0 Comments