তালতলী (বরগুনা) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহায়তায় ‘আস্থা প্রকল্পের’ আওতায় বরগুনা জেলার তালতলী উপজেলা যুব ফোরামের একটি গুরুত্বপূর্ণ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) সকাল ১০টায় তালতলী উপজেলার আরডিএফ প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
যুব ফোরামের আহ্বায়ক মোঃ অয়ন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের মোট ৩০ জন সক্রিয় যুব সদস্য অংশগ্রহণ করেন।
সভায় যুব সদস্যদের অংশগ্রহণে মাঠ পর্যায়ে আগামী তিন মাসের বিস্তারিত কার্যক্রম নিয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এই পরিকল্পনার মাধ্যমে যুব ফোরাম এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এবং যুব সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে মোঃ অয়ন তালুকদার যুব সদস্যদেরকে আগামী দিনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই ফোরামের মাধ্যমেই এলাকার যুব সমাজ নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়নে অবদান রাখার সুযোগ পাবে।
জানা যায়, আস্থা প্রকল্পের লক্ষ্য হলো যুব সমাজের ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও নাগরিক কার্যক্রমে যুক্ত করা। এই সক্রিয়করণ সভার মাধ্যমে তালতলী উপজেলা যুব ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 Comments