ডেক্স: আজ ০৯ ডিসেম্বর তারিখ সকাল ১০.০০ টায় "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুনামগঞ্জ এবং সচেতন নাগরিক কমিটি, সুনামগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দুর্নীতিবিরোধী মানববন্ধন ও দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এতে সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীরা। পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ মহিবুল ইসলাম। শূভেচ্ছা বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত সিলেট বিভাগীয় কার্যালয়ের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নাজনীন বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি নুরুর রব চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান।

0 Comments