জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদে (যা স্থানীয়ভাবে যার কাটা নদী নামে পরিচিত) গোসল করতে নেমে একই পরিবারের আপন ভাই-বোনসহ তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার (অক্টোবর ৩১, ২০২৫) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আমতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই অকালমৃত্যুর খবরে পুরো মাদারগঞ্জজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন বিকেলে চর ভাটিয়ানী আমতলী গ্রামের ৬ জন শিশু নদীর ঘাটে গোসল করতে নামে। এদের মধ্যে ইয়াসিন নামে একটি শিশু সাঁতরে কোনোমতে তীরে উঠতে পারলেও, বাকি পাঁচজন নদীর গভীর পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত স্থানীয় লোকজন ও সরিষাবাড়ী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি শিশুর নিথর দেহ নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকৃত নিহত শিশুরা হলো:আনোয়ার (৯),রিয়া মনি (৭),ইমা আক্তার (১০) নিহত এই তিন শিশু একই পরিবারের সদস্য হওয়ায় পরিবারটিতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারি ও বুকফাটা কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
এখনো নিখোঁজ ২ জনতবে সন্ধ্যা পেরিয়ে গেলেও এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে: কুলছুম আক্তার (৮),বৈশাখী (১২), জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যে স্থানে শিশুরা ডুবে গিয়েছিল, সেখানে পানির গভীরতা প্রায় ৩০ থেকে ৩৫ ফুট। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে তাদের অভিযান রাত পর্যন্ত অব্যাহত আছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজে সহযোগিতা করছে। তিনি জানান, নিখোঁজ বাকি দুই শিশুকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
0 Comments